দুর্গাপূজা উপলক্ষে সিলেট জেলা ও মহানগরের প্রতিনিধি সভা

ফন্ট সাইজ:

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নাগরিকগণ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারে তার জন্য সরকার আন্তরিক। তিনি বলেন, সিলেট সম্প্রীতির নগরী সেই ধারাবাহিকতা রক্ষা করে সনাতন ধর্মের আসন্ন শারদীয় দুর্গাপূজার শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার সকল ধরনের সহযোগিতা করবে। তিনি সারদা হলে অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা আয়োজিত বার্ষিক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক। তিনি বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। দুর্গাপূজার পূর্বে ও পূজা চলাকালীন সময়ে সরকারের বিশেষ নির্দেশনা রয়েছে যাতে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্যাপন করা যায়। পূজায় সিসি ক্যামেরা ও স্বেচ্ছাসেবকের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন— কেউ যাতে গুজব ছড়িয়ে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান। জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ চয়নের সভাপতিত্বে এবং জেলা শাখার সাধারণ সম্পাদক দীপক কুমার দাস ও মহানগর শাখার সাধারণ সম্পাদক চন্দন দাসের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক, পূজা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, জেলা সভাপতি এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস। প্রতিনিধি সভায় স্বাগত বক্তব্য রাখেন মহানগর শাখার সভাপতি সুব্রত দেব। সভায় শ্রীমদ্ভগবদ্গীতা থেকে পাঠ করেন জেলা শাখার সদস্য সঞ্জয় চন্দ্র নাথ এবং শোক প্রস্তাব পাঠ করেন জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক প্রমোদ রঞ্জন দাস।