বিয়ের দেড় বছর পর প্রবাসে প্রাণ গেল উজ্জ্বলের

ফন্ট সাইজ:

বিয়ের দেড় বছর পর আবারো কর্মস্থল মালয়েশিয়ায় ফিরে গিয়েছিলেন ফরিদপুরের সালথা উপজেলার উজ্জ্বল শিকদার (২৭)। তবে সেখানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। গত শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে মালয়েশিয়ার পেরাক জেলার আই টাওয়ার রাজায়তান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কাঠিয়ার গট্টি গ্রামের কালাম শিকদারের ছেলে। তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

নিহতের আত্মীয় আরমান শেখ জানান, উজ্জ্বল ও তিনি মালয়েশিয়ায় একই কোম্পানিতে কাজ করতেন। প্রায় দেড় বছর আগে ছুটিতে দেশে এসে বিয়ে করেন। শুক্রবার মালয়েশিয়ার স্থানীয় সময় রাত ৮টার দিকে রাজায়তান এলাকায় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। বাংলাদেশ সময় তখন সন্ধ্যা আনুমানিক ৬টা। উজ্জ্বলের আকস্মিক মৃত্যুতে শোকাহত তার পরিবারের সদস্যরা। নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনা ও দাফনের ব্যবস্থা করতে সরকারের সহযোগিতা কামনা করেছেন তার পরিবার।