সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াং ক্লাবে অভিযান

সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াং ক্লাবে অভিযান

ফন্ট সাইজ:

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ফু-ওয়াং ক্লাবে অভিযান চালাচ্ছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট ইনটেলিজেন্স বা নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শনিবার বিকালে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ক্লাবটিতে যৌথ অভিযান শুরু হয়। এ ছাড়াও একই সময়ে আরও তিনটি প্রতিষ্ঠানে অভিযান চলছে। প্রতিষ্ঠানগুলো হলো- র ক্যানভাস রেস্টুরেন্ট, হাবিব হোটেল ইন্টারন্যাশনাল ও মার্গারিটা লাউঞ্জ।

সিআইআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার কিছু বার, রেস্তোরাঁ, ডিপ্লোম্যাটিক বন্ডেড ওয়্যারহাউজ, ডিউটি ফ্রি শপে ‘অবৈধ উৎস’ থেকে অ্যালকোহল বা অ্যালকোহলজাত পণ্য সংগ্রহ, শুল্ক-মূসক ও আয়কর ‘ফাঁকি’ এবং ‘অননুমোদিত’ গ্রাহকের কাছে তা সরবরাহের অভিযোগ রয়েছে। সিআইআইডি এ অভিযোগ অনুসন্ধানে চারটি দল গঠন করে। এসব দলের সঙ্গে এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট; সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), মূসক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (ভ্যাট গোয়েন্দা) এবং ঢাকা উত্তর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কর্মকর্তাদের সমন্বয়ে অভিযান পরিচালিত হচ্ছে।
জানা যায়, তেজগাঁওয়ের ফু-ওয়াং ক্লাব ও বার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের। দীর্ঘদিন ধরে জুয়া ও ক্যাসিনো পরিচালনার অভিযোগে ২০১৯ সালেও ক্লাবটিতে অভিযান চালিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী। তবে নতুন করে শনিবার ফু-ওয়াংসহ অন্যান্য ক্লাবগুলোতে অভিযানের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এর আগে গত বৃহস্পতিবার শুল্কমুক্ত মদ মজুতের অভিযোগে রাজধানীর দক্ষিণ গুলশানের ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’ নামের একটি ওয়্যারহাউজে যৌথ অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১) এর যৌথ ওই অভিযানে ‘অননুমোদিত’ গুদামে শুল্কমুক্ত মদ রাখার অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের দু’টি বৈধসহ চারটি গুদাম সিলগালা করা হয়।