কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন প্রদর্শনীতে বাংলাদেশ

কুয়ালালামপুরে আন্তর্জাতিক পর্যটন প্রদর্শনীতে বাংলাদেশ

ফন্ট সাইজ:

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন, শিল্প ও সংস্কৃতি প্রদর্শনী এবং সম্মেলন—‘ইন্টারন্যাশনাল ট্যুরিজম, আর্টস অ্যান্ড কালচার এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স (আইএনটিএসি '২৬)।  ২ থেকে ৪ অক্টোবর কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে (কেএলসিসি) আয়োজিত এ আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর এবং বাংলাদেশি ট্রাভেলটেক প্রতিষ্ঠান এমথ্রিসিক্সটি আইসিটি অংশগ্রহণ করেছে।

প্রদর্শনীতে বাংলাদেশের দুটি বুথে বিভিন্ন তথ্য ও প্রচারসামগ্রীর মাধ্যমে দেশের পর্যটন সম্ভাবনা, আকর্ষণীয় পর্যটন গন্তব্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্যটন খাতের প্রযুক্তিনির্ভর বিভিন্ন সেবা তুলে ধরা হয়েছে। বিদেশি দর্শনার্থীদের পাশাপাশি মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরাও সহপাঠীদের নিয়ে বাংলাদেশি বুথ পরিদর্শন করছেন। এ ছাড়া মালয়েশিয়া সরকারের পর্যটন মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত ট্রাভেল এজেন্সি মাইশা ট্রাভেল অ্যান্ড ট্যুরস এসডিএন বিএইচডি প্রদর্শনীতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে।
প্রদর্শনীর অংশ হিসেবে ২ অক্টোবর বিকেল ৩টায় আয়োজিত ওপেন স্টেজে বাংলাদেশের পর্যটনবিষয়ক বিভিন্ন ভিডিওচিত্র প্রদর্শনের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ঐতিহ্য, শিল্প ও সংস্কৃতির বৈচিত্র্য আন্তর্জাতিক দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়। মিজ শামিমার নেতৃত্বে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি সংস্কৃতিকর্মীদের একটি দল এ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। আকর্ষণীয় এ পরিবেশনা দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রশংসা সৃষ্টি করে।
প্রদর্শনীর প্রথম দিনে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী বাংলাদেশি বুথসহ প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি আন্তর্জাতিক দর্শনার্থীদের কাছে বাংলাদেশকে একটি আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশের পর্যটন, শিল্প ও সংস্কৃতির পাশাপাশি এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট তথ্যপ্রযুক্তি সেবা আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ উপস্থিত ছিলেন।
এর আগে প্রদর্শনীর উদ্বোধন শেষে গেস্ট অব অনার একবাল সেটিয়া, ডেপুটি ডিরেক্টর জেনারেল (প্রমোশনস) ও হেড অব সেক্রেটারিয়েটসহ সংশ্লিষ্ট অতিথি, আয়োজক এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাংলাদেশের বুথ পরিদর্শন করেন। তারা প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং বাংলাদেশের পর্যটন সম্ভাবনা সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন।
আইএনটিএসি-২৬-এ বাংলাদেশসহ ২৫টি দেশের ১৫৫টি প্রতিষ্ঠান ও সংস্থা বিভিন্ন বুথে অংশগ্রহণ করছে। আন্তর্জাতিক এ প্রদর্শনীতে অংশগ্রহণের মাধ্যমে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশের দর্শনার্থীদের কাছে বাংলাদেশের বৈচিত্র্যময় পর্যটন আকর্ষণ, ঐতিহ্য, শিল্প ও সংস্কৃতি এবং পর্যটন খাতের তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যটন খাতের সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বৃদ্ধি এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির সম্ভাবনাও তৈরি হয়েছে।