যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেনটেটিভস-এর বিরোধীদলীয় নেতা কংগ্রেসম্যান হেকিম জেফরি বলেছেন, যুক্তরাষ্ট্রে বাঙালি কমিউনিটির উত্থান কেউ ঠেকাতে পারবে না। ডেমোক্র্যাট জিতলে ইমিগ্র্যান্ট কমিউনিটি জেতে মন্তব্য করে তিনি বলেন, ‘বাংলাদেশি কমিউনিটিও জিতে। আমেরিকান জনগণ জিতে। আগামী ৩ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীদের ভোট দিন। আমরা কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা পেলে আমি ভিন্ন টাইটেলে আপনাদের মাঝে আবার ফিরে আসবো।’
স্থানীয় সময় গত রোববার নিউইয়র্ক থেকে সম্প্রচারিত বাংলাদেশি মালিকানাধীন টেলিভিশন টাইম টিভির যুগপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
টাইম টিভির চেয়ারম্যান ও সিইও আবু তাহেরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা আরও বলেন, ‘আমরা এই কমিউনিটির সাথে কাজ করতে চাই। বাংলাদেশিরা কঠিন পরিশ্রমী, ভালো উদ্যোক্তা, ধর্মভীরু ও দেশপ্রেমিক। আমি আজ, আগামীকাল ও ভবিষ্যতেও এই কমিউনিটির সাথে থাকবো।’
অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি কংগ্রেসওম্যান গ্রেস মেং বলেন, ‘৩ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটদের জিততে হবে। এই দল জিতলে বাংলাদেশি কমিউনিটি জিতবে। অভিবাসীদের অধিকার রক্ষা হবে। আইস পুলিশের রশি টেনে ধরবো আমরা।’
সভাপতির ভাষণে টাইম টিভির চেয়ারম্যান ও সিইও আবু তাহের বলেন, ‘বিরোধীদলীয় নেতা হেকিম জেফরি আমাকে বলেছেন, তিনি বাংলাদেশ সফরে যেতে চান। ৩ নভেম্বরের নির্বাচনের জরিপগুলোতে ডেমোক্র্যাটদের বিজয়ের পূর্বাভাস দিচ্ছে। আর জিতলে হেকিম জেফরিই হবেন কংগ্রেসের স্পিকার। আশা করছি, তিনি স্পিকার হিসেবেই বাংলাদেশ সফর করবেন।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মনজুর আহমেদ, মাহবুবুর রহমান, মঈন উদ্দীন নাসের, কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী, এবিএম সালেহ উদ্দীন, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম, নিউইয়র্ক স্টেট সিনেটর জন লুইস , কমিউনিটি একটিভিস্ট সালেহ উদ্দীন সাল, টাইম টিভির পরিচালক মেরি জোবায়দা ও সৈয়দ খসরু।
