অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসা ব্যবস্থায় আবেদনের অগ্রাধিকার নির্ধারণে বড় পরিবর্তন এসেছে। শ্রমবাজারে প্রয়োজনীয় দক্ষ কর্মীদের দ্রুত বিবেচনার লক্ষ্যে নির্দিষ্ট ভিসার আবেদন কোন ক্রমে যাচাই ও নিষ্পত্তি করা হবে, সে বিষয়ে নতুন কাঠামো চালু করেছে দেশটির স্বরাষ্ট্র দপ্তর। স্বাস্থ্যসেবা, নির্মাণ, শিক্ষকতা, কৃষি, জলজ চাষ, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ খাতের আবেদনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে। পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থা ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা-স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট কিছু আবেদনও অগ্রাধিকার পাবে।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র ও অভিবাসন মন্ত্রী টনি বার্কের স্বাক্ষর করা মিনিস্ট্রিয়াল ডিরেকশন ১২১ ও ১২২ গত ১৯ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট দক্ষ কর্মী ভিসার আগের আবেদন-প্রক্রিয়াকরণ অগ্রাধিকার কাঠামো পরিবর্তন করা হয়েছে। নতুন নিয়ম শুধু ১৯ সেপ্টেম্বরের পর জমা দেওয়া আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এর আগে করা এবং এখনো নিষ্পত্তি হয়নি—এমন আবেদনও নতুন ব্যবস্থার আওতায় থাকবে। তবে অগ্রাধিকার পাওয়া মানেই ভিসা অনুমোদনের নিশ্চয়তা নয়। প্রত্যেক আবেদনকারীকে সংশ্লিষ্ট ভিসার সব নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ করতে হবে।
১২২ নম্বর নির্দেশনায় রয়েছে ১০ ভিসা।
মিনিস্ট্রিয়াল ডিরেকশন ১২২-এ নির্দিষ্ট প্রভিশনাল ও স্থায়ী দক্ষ কর্মী ভিসার আবেদন কোন ক্রমে বিবেচনা ও নিষ্পত্তি করা হবে, সেটিই এই নির্দেশনায় নির্ধারণ করা হয়েছে। এর আওতায় রয়েছে ১০টি ভিসা।
চার ধাপে ঠিক হবে কোন ফাইল আগে
মিনিস্ট্রিয়াল ডিরেকশন ১২২-এ আবেদন প্রক্রিয়াকরণের জন্য চারটি অগ্রাধিকার স্তর রাখা হয়েছে।
প্রথম স্তরে রয়েছে স্বাস্থ্যসেবা, শিক্ষকতা, নির্মাণ, কৃষি, জলজ চাষ, মৎস্য ও সম্পদ খাতের সঙ্গে সংশ্লিষ্ট আবেদন। অস্ট্রেলিয়ার আইন প্রয়োগকারী সংস্থা ও প্রতিরক্ষা-স্বার্থের সঙ্গে সম্পর্কিত কিছু আবেদনও এই পর্যায়ে রয়েছে।
দ্বিতীয় স্তরে থাকবে এমন আবেদন, যেগুলো জমা দেয়ার সময় আবেদনকারী অস্ট্রেলিয়ায় অবস্থান করছিলেন। তৃতীয় স্তরে থাকবে অস্ট্রেলিয়ার বাইরে থেকে করা এমন আবেদন, যেখানে প্রধান আবেদনকারীর ফাইল কোনো পর্যায়েই অন্য ব্যক্তির আবেদনের সঙ্গে একত্রিত নয়।
চতুর্থ স্তরে পড়বে ওপরের তিন শ্রেণির বাইরে থাকা অন্যান্য আবেদন। ফলে আবেদন জমা দেয়ার তারিখ একাই আর নিষ্পত্তির ক্রম নির্ধারণ করবে না।
একই সময়ে আবেদন করা দু’জনের একজন অগ্রাধিকার খাতের পেশায় থাকলে তার ফাইল আগে বিবেচিত হতে পারে। অন্যদিকে মিনিস্ট্রিয়াল ডিরেক্টশান ১২১ অস্থায়ী দক্ষ কর্মী ভিসার আবেদন প্রক্রিয়াকরণের অগ্রাধিকার নির্ধারণ করে।
