বিভাগীয় শহরে নতুন ট্রাইব্যুনাল ভবন নির্মাণের তাগিদ

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ প্রধান বিচারপতির

বিভাগীয় শহরে নতুন ট্রাইব্যুনাল ভবন নির্মাণের তাগিদ

ফন্ট সাইজ:

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনোভাবেই কর্মস্থল ত্যাগ না করার জন্য বিচারকদের কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে বিচারপ্রার্থীদের দ্রুত সেবা নিশ্চিতে বিভাগীয় শহরগুলোতে নতুন ট্রাইব্যুনাল ভবন নির্মাণ এবং বিচারিক কাজে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের তাগিদ দিয়েছেন তিনি। শনিবার সকালে সিলেটের ‘গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট’-এর হলরুমে সিলেট বিভাগে কর্মরত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্যদের উদ্দেশে দেয়া এক অভিভাষণে প্রধান বিচারপতি এসব নির্দেশনা দেন।

অনুষ্ঠানে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার অধস্তন আদালতের বিচারকগণ দ্রুত ও কার্যকরভাবে ন্যায়বিচার নিশ্চিতের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরেন। এর মধ্যে বিচারক ও সহায়ক কর্মচারীর তীব্র সংকট, বাজেট স্বল্পতা এবং অবকাঠামোগত সীমাবদ্ধতার বিষয়গুলো উঠে আসে। প্রধান বিচারপতি বিষয়গুলো গুরুত্বের সঙ্গে শোনেন এবং এসব সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

প্রধান বিচারপতি বলেন, বিচারপ্রার্থীদের জন্য দ্রুত ও সুসংহত ন্যায়বিচার নিশ্চিত করাই বিচার বিভাগের মূল লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে প্রতিটি কর্মঘণ্টা যথাযথভাবে কাজে লাগানো এবং সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। বিভাগীয় শহরগুলোতে মামলার চাপ সামলাতে ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি প্রতিটি বিভাগে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক ট্রাইব্যুনাল ভবন নির্মাণের ওপর জোর দেন। এ ছাড়া সাক্ষ্য গ্রহণ ও আসামি হাজির করাসহ বিচারিক কার্যক্রমে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বলেন এবং এ ক্ষেত্রে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মনিটরিং কমিটি ফর সাবঅর্ডিনেট কোর্টস-এর সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিচারপতি মো. আতাবুল্লাহ এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. হাবিবুর রহমান সিদ্দিকী। এ ছাড়া সিলেট বিভাগের চার জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল/মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা সুদৃঢ় করা ও মামলা দ্রুত নিষ্পত্তির বিষয়ে নিজ নিজ অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।