মিরপুরে সরকারি কোয়ার্টারের লিফট ছিঁড়ে আহত ৩

ফন্ট সাইজ:

রাজধানীর মিরপুর-১ নম্বরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মিত আবাসন প্রকল্পের একটি ভবনের লিফট ছিঁড়ে তিনজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সকাল ৬টার দিকে পাইকপাড়া আনসার ক্যাম্পের পশ্চিম পাশে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন প্রকল্পের ১ নম্বর ভবনে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মচারী মোস্তাফিজুর রহমান (৬২), নাইস আহমেদ (৪০) ও তার ছেলে মো. ওয়াসি (৮)। পরে তাদের উদ্ধার করে আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেয়া হয়। চিকিৎসক জানিয়েছেন, আহত নাইস আহমেদের দুই পা ভেঙে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজের পর ভবনের পঞ্চম তলার তিন বাসিন্দা লিফটে ওঠেন। কিছুক্ষণ পর বিকট শব্দে লিফটটি ছিঁড়ে নিচে পড়ে যায়। শব্দ শুনে দারোয়ান ঘটনাস্থলে গিয়ে লিফটের ভেতর থেকে চিৎকার শুনতে পান।

পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বাসিন্দাদের অভিযোগ, ২০২০ সালে ভবনটি নির্মাণের পর থেকেই প্রায় প্রতিটি লিফটে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে। বিষয়টি কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেয়া হয়নি। লিফট রক্ষণাবেক্ষণের জন্য পর্যাপ্ত লোকবলও নেই বলে অভিযোগ তাদের। এদিকে লিফট ছিঁড়ে যাওয়ার ঘটনায় ওই আবাসন প্রকল্পে বসবাসকারী সবার মধ্যেই আতঙ্ক বিরাজ করছে। বাসিন্দারা অভিযোগ করেন, প্রকল্পটিতে মোট আটটি ভবন ১৬টি লিফট রয়েছে। সবগুলো একই কোম্পানির, নিয়মিত যথাযথ রক্ষণাবেক্ষণও করা হচ্ছে না। যেকোনো সময় আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। অর্থবিভাগের প্রশাসনিক কর্মকর্তা সমীর চন্দ্র শীল বলেন, দীর্ঘদিন ধরেই ভবনের লিফটে সমস্যা ছিল। লিফট ঝাঁকুনি দিয়ে চলতো এবং অনেক সময় দরজা খুলে যেতো। বিষয়টি প্রকৌশলীকে জানানোর পরও অদক্ষ লোক দিয়ে সামান্য মেরামত করে লিফট চালু রাখা হয়েছে। তিনি বলেন, এটি যে জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, আজকের দুর্ঘটনাই তার প্রমাণ।

এ বিষয়ে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ইসকান্দার আলী বলেন, এই ভবনে হঠাৎ এমন দুর্ঘটনা ঘটবে, তা আমরা আগে থেকে বুঝতে পারিনি। লিফটগুলো আরএফএল কোম্পানির। গতকালও তাদের লোকজন এসে কাজ করেছে। নির্দেশনা দেয়ার পরও তারা সম্পূর্ণ কাজ করতে পারেনি। তারা ফান্ড না থাকার কথা বলেছে, আমরা বলেছিলাম ফান্ডের ব্যবস্থা তো করা হবে। তিনি আরও বলেন, ‘আরএফএল কোম্পানির লোকজনকে ডাকা হয়েছে। তারা এলে বিস্তারিত জানা যাবে, কেন এ দুর্ঘটনা ঘটেছে।’ ঘটনাস্থল পরিদর্শনে এসে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান বলেন, সরকারি কাজের মেইনটেন্যান্স ব্যবস্থায় কতো বড় ত্রুটি রয়েছে, আজকের দুর্ঘটনা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো।
পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, এখানে নিম্নমানের সামগ্রী দিয়ে লিফট তৈরি করা হয়েছে এবং যথাযথ মেইনটেন্যান্স করা হয়নি।