“অক্টোবর সার্ভিস উইক অ্যান্ড ওয়ার্ল্ড লায়ন্স সার্ভিস ডে (ডব্লিউএলএসডি)-২০২৬” উদ্যাপন উপলক্ষে লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা-৩১৫ এ১-এর উদ্যোগে গতকাল রাজধানীর আগারগাঁওয়ে এক বর্ণাঢ্য গ্র্যান্ড র্যালি, রক্তদান কর্মসূচি, রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকাল ৮টায় আগারগাঁওস্থ বাংলাদেশ পর্যটন ভবন থেকে গ্র্যান্ড র্যালিটি শুরু হয়ে আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। লায়ন্স ও লিও সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি উৎসবমুখর হয়ে ওঠে। এতে প্রধান অতিথি ছিলেন জিএটি এরিয়া লিডার, সিএ-৬, লায়ন কাজী সাইফুল ইসলাম এমজেএফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এলসিআইএফ এরিয়া লিডার ও বিএলএফ চেয়ারম্যান একেএম রেজাউল হক পিএমজেএফ, এলসিআইএফ ভাইস এরিয়া লিডার লায়ন মো. শফিউল আলম এমজেএফ, কাউন্সিল চেয়ারপারসন লায়ন মোসলেউদ্দিন আহমেদ অপু, জেলা গভর্নর লায়ন নওজাত সারওয়াত ইসলাম পিএমজেএফ, ইমিডিয়েট পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন এ. কে. এম. গোলাম ফারুক, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন ড. আবুল হোসাইন খন্দকার, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন সাবিনা সিদ্দিকা এমজেএফ, লায়ন মিজানুর রহমান এবং জেলা-৩১৫ এ১-এর প্রাক্তন জেলা গভর্নরবৃন্দ।
এ ছাড়া বিভিন্ন পর্যায়ের লায়ন্স নেতৃবৃন্দ এবং প্রায় ১,৫০০ লায়ন ও লিও সদস্য কর্মসূচিতে অংশগ্রহণ করেন। র্যালি শেষে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের (বিএলএফ) অডিটোরিয়ামে একটি রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে মোট ৫৪ ব্যাগ রক্ত সংগ্রহ করে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও হাসপাতালের রোগীদের জন্য প্রদান করা হয়।
