বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার তারকা বোলার

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার তারকা বোলার

ফন্ট সাইজ:

টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় দুঃসংবাদ পেলো শ্রীলঙ্কা। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন দলের অন্যতম সেরা তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গা। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে গুরুতর চোট ধরা পড়ায় বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে আর মাঠে নামা হচ্ছে না এই লেগ স্পিন অলরাউন্ডারের।
গত রোববার কলম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার উদ্বোধনী ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পান হাসারাঙ্গা। তবে দলের প্রয়োজনে চোট নিয়েই বোলিং চালিয়ে যান তিনি। ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করে আইরিশদের রান তাড়ায় বড় বাঁধা হয়ে দাঁড়ান। তার সেই অদম্য পারফরম্যান্সেই ১৬৩ রানের পুঁজি নিয়েও জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে শ্রীলঙ্কা।
ম্যাচ শেষে অস্বস্তি বেড়ে যাওয়ায় গতকাল হাসারাঙ্গার এমআরআই করানো হয়। পরীক্ষায় তার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে গুরুতর চিড় ধরা পড়ে। স্ক্যান রিপোর্ট যুক্তরাজ্যের একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো হলে তিনি হাসারাঙ্গাকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দেন। বিশেষজ্ঞের মতামতের ভিত্তিতেই তাঁকে বিশ্বকাপ থেকে প্রত্যাহার করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।
হাসারাঙ্গার বদলি হিসেবে লেগ স্পিন অলরাউন্ডার দুশান হেমন্তকে দলে নেওয়ার জোর সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে আইসিসি ও শ্রীলঙ্কা ক্রিকেটের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
গ্রুপ পর্বে শ্রীলঙ্কার সামনে এখনো তিনটি ম্যাচ বাকি। আগামী ১২ ফেব্রুয়ারি পাল্লেকেলেতে ওমানের মুখোমুখি হবে তারা। এরপর ১৬ ফেব্রুয়ারি একই ভেন্যুতে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ১৯ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে লঙ্কানরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন