বৃটেনের ইতিহাসে এই প্রথমবারের মতো ডিজেলের খুচরা মূল্য প্রতি লিটার ২ পাউন্ড (৩২৬ টাকা প্রায়) ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে। মোটরচালকদের সংগঠন আরএসি’র প্রকাশিত তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে দেশটিতে প্রতি লিটার ডিজেলের গড় দাম দাঁড়িয়েছে ২০০ দশমিক ০১ পেন্সে। চলতি বছরের ফেব্রুয়ারির শেষভাগে মধ্যপ্রাচ্যে ইরান সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে ডিজেলের দাম বেড়েছে প্রায় ৪০ দশমিক ৫ শতাংশ। আরএসি জানায়, দাম বাড়ার ফলে একটি সাধারণ পারিবারিক গাড়ির ৫৫ লিটারের ফুয়েল ট্যাংক পূর্ণ করতে এখন খরচ পড়ছে প্রায় ১১০ দশমিক ০১ পাউন্ড—যা যুদ্ধ শুরুর আগের তুলনায় প্রায় ৩২ পাউন্ড বেশি। একইসঙ্গে পেট্রোলের দামও বেড়ে প্রতি লিটার ১৭৪ দশমিক ৭১ পেন্সে পৌঁছেছে। দেশটির পরিবহনমন্ত্রী কিয়ার ম্যাথার জানিয়েছেন, বৃটেনে ডিজেলের কোনো সংকট নেই এবং সরবরাহ ব্যবস্থা যথেষ্ট টেকসই। সংকট মোকাবিলায় এবং চাপ কমাতে জরুরি ডিজেল মজুত বাজারে ছাড়ার বিষয়ে ইউরোপীয় কমিশন, ফ্রান্স, জার্মানি, ইতালি ও আয়ারল্যান্ডের মতো মিত্রদের সঙ্গে জরুরি আলোচনা চালিয়ে যাচ্ছে বৃটেন।
বৃটেনের ইতিহাসে প্রথমবার ডিজেলের দাম লিটারে ২ পাউন্ড ছাড়ালো
মানবজমিন ডেস্ক
৩ অক্টোবর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
