গির্জা থেকে চুরি হওয়া ৭০ কেজি ওজনের ঘণ্টা ডাস্টবিনে উদ্ধার

ফন্ট সাইজ:

রাজধানীর মোহাম্মদপুরে সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চ থেকে চুরি হওয়া প্রায় ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টা উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুর থানাধীন জাকির হোসেন রোডের একটি ময়লার ডাস্টবিনের পাশে ঘণ্টাটি সাদা পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়। মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম বলেন, আসাদ এভিনিউয়ে ওয়াসা ভবনের সামনে সেইন্ট পল স্কুল অ্যান্ড চার্চের দ্বিতীয়তলার খোলা জায়গায় ঘণ্টাটি রাখা ছিল। বৃহস্পতিবার রাত ১২টা ৩ মিনিটের পর কোনো এক সময় ঘণ্টাটি চুরি হয়। খবর পেয়ে পুলিশ ভোর ৪টা ৩৫ মিনিটে ঘটনাস্থল পরিদর্শন করে এবং চুরি হওয়া ঘণ্টাটি উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারে একাধিক টিমের সমন্বয়ে অভিযান শুরু করে।

তিনি বলেন, অভিযানের মুখে চোররা চুরি করা ঘণ্টাটি ফেলে রেখে পালিয়ে যায়। এরপর শুক্রবার রাত ২টা ৫০ মিনিটের দিকে জাকির হোসেন রোডের ময়লার ডাস্টবিনের পাশ থেকে সাদা পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় ঘণ্টাটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। ৃচুরির আগে ওইদিন রাত ১২টা ৩ মিনিট থেকে চার্চের সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং অপশন বন্ধের প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং সোর্সের মাধ্যমে চুরির সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। উদ্ধার করা পিতলের ঘণ্টাটি থানা হেফাজতে রাখা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।