রাড্ডায় ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বহিষ্কৃত যুবদল নেতা গ্রেপ্তার

ফন্ট সাইজ:

রাজধানীর মিরপুর-১ নম্বরের বেসরকারি মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শাহ আলী থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে দারুস সালাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার। তিনি জানান, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নূর আলম নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ নিয়ে এ ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জন। উল্লেখ্য, নূর আলম শাহ আলী থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে গত ৩০শে সেপ্টেম্বর তাকে যুবদলের সব পদ থেকে বহিষ্কার করা হয়। গত ২৫শে সেপ্টেম্বর রাতে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে দুই শতাধিক ব্যক্তি হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। পরবর্তীকালে এস্কেভেটর দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটির একাধিক স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়। এ ঘটনার পর পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠলে শাহ আলী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়।

এ ঘটনায় রাজনৈতিক নেতাদের সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর ঢাকা মহানগর উত্তর বিএনপি’র কমিটি বিলুপ্ত করে দলটি। একইসঙ্গে যুবদল ও ছাত্রদলের স্থানীয় কমিটিও বিলুপ্ত করার পাশাপাশি কয়েকজন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়। এদিকে, ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি গত বৃহস্পতিবার পদত্যাগ করেন। তবে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগের তদন্তপ্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।