মামার বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি জবরদখল, জোরপূর্বক উচ্ছেদ, ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি প্রাণনাশের হুমকির গুরুতর অভিযোগ তুলেছেন তেজস্বী তুরিন। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার ড. তুরিন আফরোজের মেয়ে। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী এই তরুণী তার পরিবারের উপর চলা নির্যাতন ও অসহায়ত্বের চিত্র তুলে ধরে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। তিনি তার বক্তব্যে সম্পদ রক্ষা ও তার নিরাপত্তার বিষয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
তেজস্বী তুরিন বর্তমানে তার মা জেলে থাকায় বাসায় তিনি একা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। মামার হুমকি ও বাড়ি জবরদখলের চেষ্টায় অসহায় হয়ে পড়েছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তেজস্বী তুরিন অভিযোগ করেন, তাদের পৈতৃৃক সূত্রে পাওয়া বসতবাড়ি ও সম্পত্তি জোরপূর্বক দখলের পাঁয়তারা চালাচ্ছেন তার আপন মামা। নানা ধরনের ক্ষমতার প্রভাব খাটিয়ে এবং স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় মামা ও তার সহযোগীরা তাদের পৈতৃক ভিটেমাটি থেকে উৎখাতের চেষ্টা করছেন। এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে তাকে ও তার পরিবারকে বিভিন্ন কায়দায় মারধর, নানা ধরনের মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে।
