মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি ঢালে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের হুক ছিঁড়ে ৭টি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এতে সারাদেশের সঙ্গে সিলেটের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে লাউয়াছড়া বনের মাগুরছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভানুগাছ রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস (ট্রেন নং ৭১৭/৭১৮) দুপুর ১টা ৬ মিনিটে ভানুগাছ রেলওয়ে স্টেশন ত্যাগ করে। ট্রেনটি লাউয়াছড়া বনের ভেতরে পাহাড়ি ঢালে ওঠার সময় হঠাৎ ইঞ্জিনের হুক ছিঁড়ে যায়। এতে ট্রেনের পেছন অংশের ৭টি বগি বিচ্ছিন্ন হয়ে পড়লেও ইঞ্জিন একা সামনের দিকে চলে যায়। ঘটনার পর থেকেই সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে।
বর্তমানে ঘটনাস্থলে রেলওয়ের টেকনিক্যাল টিম কাজ করছে এবং দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করতে মেরামতের কাজ চলমান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাশ পলাশ জানান, লাউয়াছড়া বনের পাহাড়ি ঢালে ওঠার সময় ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিনের হুক ছিঁড়ে বগি বিচ্ছিন্ন হয়ে যায়। একে সারাদেশের সাথে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। পরে হুক মেরামত করার পর শুক্রবার বিকাল ৫টায় সারাদেশের সাথে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
