সাড়ে ৩ ঘণ্টা পর সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক

সাড়ে ৩ ঘণ্টা পর সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাহাড়ি ঢালে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের হুক ছিঁড়ে বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনার সাড়ে ৩ ঘন্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। শুক্রবার বিকেল ৫টা ১০ মিনিটে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয় বলে ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাশ পলাশ জানান।

এর আগে শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে লাউয়াছড়া বনের মাগুরছড়া এলাকায় চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের হুক ছিঁড়ে ট্রেনের পেছনের অংশের যাত্রীবাহী বগিগুলো বনের মধ্যেই দাঁড়িয়ে পড়ে এবং ইঞ্জিনটি একা সামনের দিকে চলে যায়। বনের ভেতরে আকস্মিক বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় ট্রেনযাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। এ ঘটনার পরপরই সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

ফলে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন ভানুগাছ রেলওয়ে স্টেশনে এবং সিলেটগামী অপর আন্তঃনগর ট্রেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েন দুটি ট্রেনের যাত্রীরা। খবর পেয়ে রেলওয়ের টেকনিক্যাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হুক মেরামতের কাজ শুরু করেন। টানা চেষ্টার পর হুক মেরামত করে ট্রেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়ার পর বিকেল ৫টা ১০ মিনিটে সারা দেশের সঙ্গে সিলেটের রেলযোগাযোগ স্বাভাবিক হয়।