নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মো. খলিলুর রহমান (৩৫) নামের এক দোকানদারের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাহিতপুর বাজারে এ ঘটনা ঘটে। এতে খলিলুর গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন। খলিলুর চেংজানা গ্রামের সুলতান মিয়ার ছেলে ও সাহিতপুর বাজারে মনোহারি পণ্যের দোকান চালানোর পাশাপাশি বোতলজাত পেট্রোল বিক্রি করেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাত পৌনে ১১টার দিকে একই গ্রামের সুমন মিয়া ওই দোকানে যান। সেখানে দোকানের পণ্যসহ নগদ টাকা দাবী করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে একপর্যায়ে দোকানের সামনে রাখা দুই লিটারের একটি বোতল থেকে পেট্রোল নিয়ে খলিলুরের শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। আগুনে দোকানের মালামালও ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন ও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনও কোনও অভিযোগ পাইনি। দগ্ধ ব্যবসায়ীও চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেয়ার অভিযোগ
নেত্রকোনা প্রতিনিধি
বাংলারজমিন
৩ ঘন্টা আগে
২ অক্টোবর (শুক্রবার), ২০২৬, ২ঃ৩৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
