নবীনগরে ‘সেরা পাঠকের খোঁজে’ বইপড়া প্রতিযোগিতা

ফন্ট সাইজ:

‘বই পড়ি, দেশ গড়ি’- প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ‘সেরা পাঠকের খোঁজে’- বই পড়া কর্মসূচির উপজেলা পর্যায়ের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দুপুরে নবীনগর সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে শুরু হওয়া প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার ৩৫৩ জন শিক্ষার্থী অংশ নেয়। জেলা প্রশাসনের উদ্যোগে এবং জেলা প্রশাসক মো. আবু সাঈদের সার্বিক তত্ত্বাবধানে প্রতিটি উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলা, জ্ঞান ও চিন্তার পরিধি বাড়ানো, দক্ষতা ও সৃজনশীলতার বিকাশ এবং পাঠসংস্কৃতি প্রতিষ্ঠা করা। উপজেলা পর্যায়ের বাছাইয়ে নির্ধারিত বইয়ের ওপর শিক্ষার্থীদের পরীক্ষা নেয়া হয়। এর আগে গত ১লা সেপ্টেম্বর নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আল মামুন বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর না রেখে বিভিন্ন ধরনের বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিটন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আল মামুন, নবীনগর সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওয়াজেদ উল্লাহ জসিম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাজহারুল হুদা, উপজেলা একাডেমিক সুপারভাইজার হাসনাত জাহানসহ অনেকে উপস্থিত ছিলেন।