অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়াগামী ৭৬ জনকে উদ্ধার, আটক ১১ মানব পাচারকারী

ফন্ট সাইজ:

অবৈধভাবে বঙ্গোপসাগর দিয়ে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার সময় একটি বোট থেকে ৭৬ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌ বাহিনী। একই সঙ্গে মানব পাচারকারী চক্রের ১১ জন সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাংলাদেশ নৌ বাহিনীর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত বুধবার রাতে সেন্ট মার্টিনের লাইট হাউজ থেকে আনুমানিক ৮১ মাইল দূরে টহলরত নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা খালিদ বিন ওয়ালিদ’ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। মাছ ধরার ট্রলার ‘এফভি ক্রিস্টাল-১’ সমুদ্রে একটি ইঞ্জিন বিকল কাঠের বোট ভাসতে দেখে নৌবাহিনীকে খবর দেয়। তারপর তাদের উদ্ধার করা হয়।
আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধার হওয়া ৬৫ জন মালয়েশিয়া গমনে প্রতারণার শিকার। তাদের অধিকাংশই পাচারকারী চক্রের মাধ্যমে অপহৃত হয়ে টেকনাফের দুর্গম এলাকায় আটক ছিলেন। পরবর্তীতে তাদের জোরপূর্বক অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া পাঠানো হচ্ছিল। আটক ১১ পাচারকারী ও জব্দকৃত বোটটিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।