কোটি টাকার ভিত্তিমূল্যে থাকছেন নাহিদ রানা

এসএটোয়েন্টি নিলাম

কোটি টাকার ভিত্তিমূল্যে থাকছেন নাহিদ রানা

ফন্ট সাইজ:

দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট এসএটোয়েন্টির আসন্ন নিলামে নাম উঠেছে টাইগার পেসার নাহিদ রানার। টুর্নামেন্টের এবারের আসরের নিলাম তালিকার একমাত্র বাংলাদেশি প্রতিনিধি হিসেবে জায়গা করে নিয়েছেন এই স্পিডস্টার। নাহিদ রানার জন্য ভিত্তিমূল্য ধরা হয়েছে দেড় মিলিয়ন দক্ষিণ আফ্রিকান র‍্যান্ড, যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১১ লাখ টাকারও বেশি।

আগামী ৭ই অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া এই নিলামের সংক্ষিপ্ত তালিকায় মোট ১৫৬ জন দেশি-বিদেশি ক্রিকেটারের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ থেকে কেবল নাহিদ রানাই লড়াইয়ে থাকছেন। নিলামে কোনো ফ্র্যাঞ্চাইজি এ ডানহাতি পেসারকে দলে ভিড়ালে, রিশাদ হোসেনের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই জমজমাট লিগে খেলার গৌরব অর্জন করবেন রানা।

এর আগে ড্রাফটের বাইরে সরাসরি চুক্তিতে লেগ স্পিনার রিশাদকে দলে ভিড়িয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেইপ। আফগানিস্তান থেকে এই তালিকায় সুযোগ পেয়েছেন সেদিকউল্লাহ আতাল, ফজলহক ফারুকী, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবী ও এএম গজানফার।

৬ দলের এই প্রতিযোগিতায় অংশ নেয়া দলগুলো হলো-জোবার্গ সুপার কিংস, পার্ল রয়্যালস, সানরাইজার্স ইস্টার্ন কেইপ, এমআই কেপটাউন, ডারবান সুপারজায়ান্টস ও প্রিটোরিয়া ক্যাপিটালস। এর মধ্যে পার্ল রয়্যালস এবং ডারবান সুপারজায়ান্টসের স্কোয়াড আগেই পূর্ণ হয়ে যাওয়ায় বাকি ৪টি ফ্র্যাঞ্চাইজি নিলাম থেকে তাদের বাকি দল গুছিয়ে নেবে।

এসএটোয়েন্টির নিলাম শুরু হবে আগামী ৭ই অক্টোবর। টুর্নামেন্ট শুরু হবে আগামী বছরের ১৭ই জানুয়ারি। এখন পর্যন্ত ৩ বার চ্যাম্পিয়ন হওয়া সানরাইজার্স ইস্টার্ন কেইপ টুর্নামেন্টের সফলতম দল।