আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের অবনতি ও তালেবান নিয়ে ইসলামাবাদের নীতির পরিবর্তন সম্পর্কে প্রশ্ন করায় আফগান নারী সাংবাদিককে কড়া ভাষায় জবাব দিয়েছেন পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, আপনার দেশ ভালো প্রতিবেশী নয়।
নিউইয়র্কে সাংবাদিক নাজিরা কারিমি পাকিস্তানের সঙ্গে তালেবানের একসময়কার ঘনিষ্ঠ সম্পর্ক এবং আফগানিস্তান নিয়ে ইসলামাবাদের বর্তমান অবস্থান সম্পর্কে জানতে চান।
এর জবাবে খাজা আসিফ বলেন, গত চার দশক ধরে আফগানদের আশ্রয় দেয়া পাকিস্তানের একটি “ভুল” ছিল। ওই সময়ে দেশটি লাখ লাখ আফগান নাগরিককে আশ্রয় দিয়েছে। পাকিস্তানি কর্মকর্তাদের হিসাবে, একপর্যায়ে দেশটিতে আফগান নাগরিকের সংখ্যা প্রায় ৪৫ লাখে পৌঁছেছিল।
দুই দেশের সম্পর্কের তীব্র অবনতির মধ্যেই তার এই মন্তব্য এলো।
সীমান্তপারের সন্ত্রাসবাদ এবং আফগান ভূখণ্ড থেকে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) কার্যক্রম চালানো নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। পাকিস্তানের অভিযোগ, আফগান তালেবান কর্তৃপক্ষ টিটিপিকে আশ্রয় দিচ্ছে। কাবুল অবশ্য তা অস্বীকার করেছে।
২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর দুই দেশের সম্পর্ক এখন সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। একসময় ঘনিষ্ঠ সম্পর্ক থাকা পাকিস্তান ও আফগানিস্তান এখন পরস্পরকে নিরাপত্তা পরিস্থিতির অবনতির জন্য দায়ী করছে। তবে বিরোধের স্থায়ী সমাধানের কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না।
