ফুটবল জাদুকর লিওনেল মেসির বর্ণাঢ্য ক্যারিয়ারের মুকুটে যুক্ত হলো আরেকটি সোনালী পালক। মাঠের জাদুকরি পারফরম্যান্সের পাশাপাশি নৈতিকতা, বিনয় এবং জাতীয় দলের প্রতি অসামান্য প্রতিশ্রুতির স্বীকৃতিস্বরূপ তাকে সর্বোচ্চ সম্মানসূচক ডিগ্রি ‘ডক্টর হোনরিস কউসা’ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয় (ইউবিএ)। আর্জেন্টিনার বৃহত্তম ও সবচেয়ে মর্যাদাপূর্ণ এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সুপিরিয়র কাউন্সিলে সর্বসম্মতভাবে এই প্রস্তাব অনুমোদিত হয়।
আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় ভোরে মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে নিজের শেষ ম্যাচটি খেলতে নামবেন মেসি। তার ঠিক আগেই এই বিশেষ সম্মাননা তার হাতে তুলে দেয়া হবে।
বিশ্ববিদ্যালয়টির রেক্টর রিকার্দো গেলপি এই সম্মাননা প্রসঙ্গে বলেন, ‘মেসি সম্পর্কে সব আর্জেন্টাইন যা জানেন, তার পরিসংখ্যান বা ক্রীড়াবিদ হিসেবে অনন্য অর্জনগুলোর বাইরেও আমরা এমন একজন বিনয়ী এবং অদম্য মানুষকে সম্মান জানাতে চাই, যিনি আমাদের জনসংস্কৃতি এবং জাতীয় পরিচয়ের এক উজ্জ্বল প্রতীক ও দূত।’
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য এমিলিয়ানো ইয়াকোবিত্তি বলেন, ‘এই সম্মাননা কেবল তার ফুটবল ক্যারিয়ারের স্বীকৃতি নয়, এটি সমগ্র আর্জেন্টাইন সমাজের কৃতজ্ঞতার এক অনন্য নিদর্শন।’
দুই দশকেরও বেশি সময় ধরে আর্জেন্টিনার জার্সিতে ইতিহাস গড়ছেন মেসি। ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা জয়ের সুবাদে তিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। গত আগস্টে অবসরের ঘোষণা দেন এই ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অনুরোধে ঘরের মাঠে সমর্থকদের সামনে শেষবার স্মরণীয় ম্যাচ খেলতে রাজি হন তিনি।
বলিভিয়াকে ৪ গোল দিয়ে মেসিপরবর্তী অধ্যায় শুরু করেছে আর্জেন্টাইনরা। দ্বিতীয় প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে লিওনেল স্কালোনির শিষ্যরা। এরপর বেনিনের বিপক্ষে শেষবারের মতো আলবিসেলেস্তেদের ১০ নম্বর জার্সিটি গায়ে চাপাবেন মেসি।
