ধোঁয়ায় আচ্ছন্ন কিয়েভ

ধোঁয়ায় আচ্ছন্ন কিয়েভ

ফন্ট সাইজ:

ইউক্রেনের রাজধানী কিয়েভে অতর্কিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। বুধবার (৩০ সেপ্টেম্বর) ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, জ্বালানি স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। এতে পুরো রাজধানী ধোঁয়ায় আচ্ছন্ন হয়েছে। সেই সঙ্গে হামলায় অন্তত চারজন নিহত হয়েছে।

শহরটির মেয়র ভিতালি ক্লিতস্কো বলেন, কিয়েভে রাতভর রুশ বাহিনীর হামলায় দুই নারী এবং ১৪ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ছাড়া কিয়েভের একটি গুদামে রুশ বাহিনীর হামলায় আরও একজন নিহত হয়েছে।

ইউক্রেনে রাতভর হামলার তথ্য নিশ্চিত করেছে রাশিয়া। দেশটি দাবি করেছে, তারা কিয়েভের ডেটা সেন্টারে হামলা চালিয়েছে। এই ডেটা সেন্টার থেকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে সহযোগিতা করা হতো।

এছাড়া কিয়েভের বিভিন্ন জ্বালানি স্থাপনা, ওডেশা অঞ্চলে একটি শিল্প কমপ্লেক্স এবং ইজমাইলে বন্দর অবকাঠামোয় হামলার দাবি করেছে রাশিয়া।

ইউক্রেনের বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, মস্কো জাহাজ-বিধ্বংসী ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১৮৮টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এর মধ্যে পাঁচটি ক্ষেপণাস্ত্র ও ১৫৫টি ড্রোন প্রতিহত করা হয়েছে।

ইউক্রেনের বিদ্যুৎ কোম্পানি ডিটেক কিয়েভে ঠিক কী পরিমাণে জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তবে সংস্থাটি জানিয়েছে, ৮ হাজার পরিবারে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে।