গণতন্ত্রের অগ্রযাত্রা কোনো অবস্থাতেই ব্যাহত করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
গয়েশ^র চন্দ্র রায় বলেন, আমরা জাতীয়তাবাদী দলের সকল স্তরের নেতাকর্মীরা এই ব্যাপারে জনগণের পক্ষে সজাগ আছি। গণতন্ত্র ব্যাহত হবে- এই পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি করতে দেয়া হবে না। সরকার নিশ্চয়ই জনগণের জানমালের নিরাপত্তা দেয়ার জন্য সক্রিয় অবস্থান নেবে।
তিনি বলেন, ফ্যাসিবাদের চরিত্র বহনকারী যারা গোপনে নানা ধরনের কর্মকাণ্ড ও নাশকতায় লিপ্ত, প্রশাসনের দায়িত্ব তাদের নিবৃত্ত করা, আইনের আওতায় আনা, বিচারের সম্মুখীন করা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। আর বহু লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে অনেকের জীবনের আত্মাহুতি, অনেকে শহীদ হয়েছেন, গুম-খুনের শিকার হয়েছেন, জেল-জুলুমের শিকার হয়েছেন। ৫ই আগস্টে ফ্যাসিবাদ পতনের মধ্য দিয়ে শহীদ জিয়ার লক্ষ্য, বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজকে পুনঃপ্রতিষ্ঠা করার সূচনা করতে পেরেছি।
বিএনপি’র এই সংসদ সদস্য বলেন, আমরা ফ্যাসিবাদীদের এই দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। ফ্যাসিবাদ চলে গেছে, ফ্যাসিবাদের নেতৃত্ব চলে গেছে, কিন্তু ফ্যাসিবাদের চরিত্র বহনকারী অনেক লোকই বাংলাদেশে বসে আছে। আমরা মাঝে-মধ্যে তার কিছু আলামত দেখছি। জনজীবন অস্থিতিশীল করা, গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য মাঝে-মধ্যে ভোরবেলায়ও কোথাও কোথাও ঝটিকা মিছিল, কখনো কখনো পটকা ফাটানো এবং বোমা ফাটানোর মতো ঘটনা সারা দেশের মানুষকে উদ্বিগ্ন করেছে।
