সড়ক পরিবহনমন্ত্রী

যাত্রীসেবার মান নিশ্চিত করতে না পারলে রুট বাতিল

ফন্ট সাইজ:

ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ও যাত্রীসেবার মান নিশ্চিত করতে বাস কোম্পানিগুলোকে নির্দিষ্ট সময় বেঁধে দিতে চান সড়ক পরিবহন ও রেল এবং সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, ওই সময়ের মধ্যে সেবার মান উন্নত করতে না পারলে সংশ্লিষ্ট রুটে নতুন কোম্পানি গঠন করা হবে। তাতেও মানসম্মত সেবা নিশ্চিত করা না গেলে প্রয়োজনে রুট বাতিল করে সরকারি ব্যবস্থাপনায় বাস পরিচালনার উদ্যোগ নেয়া হবে। গতকাল সোমবার রাজধানীর তেজগাঁও সড়ক ভবনের অডিটরিয়ামে বাস রুট রেশনালাইজেশন কার্যক্রমের আওতায় বাসমালিকদের সঙ্গে আলোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এ সভার আয়োজন করে।

বাসমালিকদের উদ্দেশ্যে শেখ রবিউল আলম বলেন, বাসের মান, যাত্রীসেবা ও শৃঙ্খলা নিশ্চিত করার দায়িত্ব কোম্পানির। বাস যথাযথভাবে সংস্কার না করলে কিংবা চালক-কর্মচারীরা নিয়ম না মানলে তার দায় কোম্পানিকে নিতে হবে। আমি কোনো বাসমালিক চিনবো না, কোম্পানি চিনবো। বাসটি আপনার কোম্পানির অধীনে চলে। মালিক মানসম্মতভাবে বাস সংস্কার না করলে, যাত্রীর সুবিধা নিশ্চিত না হলে, চালক কথা না শুনলে এবং কর্মচারীরা শৃঙ্খলা না মানলে সেই বাসের দায় আপনাদের নিতে হবে। তা নিশ্চিত করতে না পারলে ওই মালিকের বাস কোম্পানিতে রাখবেন না।

মন্ত্রী বলেন, ‘রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে, ব্যবস্থাপনাকে চ্যালেঞ্জ করে ব্যবসা করার সুযোগ কারও নেই। নির্দিষ্ট সময়ের মধ্যে এসব পরিবর্তন চাইবো। তা না হলে প্রয়োজনে নতুন কোম্পানি গঠন করবো। তাতেও মানসম্মত সেবা নিশ্চিত করা না গেলে রুট বাতিল করে সরকারি পর্যায় থেকে ব্যবস্থা নেয়ার চেষ্টা করবো। বাসমালিকদের লোকসানের যুক্তির বিষয়ে শেখ রবিউল আলম বলেন, আগে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে। এরপর ভাড়া সমন্বয়ের বিষয়টি বিবেচনা করা হবে। যাত্রীদের নিরাপত্তা, শৃঙ্খলা ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে পারলে প্রয়োজন অনুযায়ী ভাড়া সমন্বয়ে সরকার আলোচনা করবে।

মন্ত্রী বলেন, কোনো ব্যবসায় প্রত্যাশা অনুযায়ী লাভ না হলে সেই ব্যবসা চালিয়ে যেতেই হবেÑ এমন নিশ্চয়তা নেই। যাত্রীদের ওপর চাপ তৈরি করে ব্যবসা পরিচালনা করা যাবে না। আপনি সেবা বিক্রি করছেন, তার জন্য যুক্তিসঙ্গত লাভ করবেন। কিন্তু সেবার মান উন্নত না করে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া চাইবেনÑ এটা হতে পারে না।
ওই সভায় ডিটিসিএ’র কর্মকর্তারাসহ বিভিন্ন পরিবহন মালিকরা উপস্থিত ছিলেন।