ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মশক নিধন ওষুধ সরবরাহকে কেন্দ্র করে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারের অভিযোগ উঠেছে। টেন্ডারে কাজ না পেয়ে ক্ষুব্ধ হয়ে একটি চক্র ফরওয়ার্ড ইন্টারন্যাশনাল বিডি লিমিটেডের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে দাবি করেছে ভুক্তভোগী প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের তরফে বলা হয়, তারা নিয়মতান্ত্রিক উপায়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মশক নিধন ওষুধ সরবরাহের কার্যাদেশ পায়। কিন্তু টেন্ডারে অংশ নিয়ে কাজ পেতে ব্যর্থ হওয়া একটি প্রতিষ্ঠান আক্রোশের বশবর্তী হয়ে ভুয়া তথ্য ও অপপ্রচারে লিপ্ত হয়। এতে ওষুধের গুণগত মান নিয়ে প্রশ্ন তোলা হলেও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তা ভিত্তিহীন বলে দাবি করে।
তাদের দাবি সরকার নির্ধারিত গবেষণাগারে বিশেষজ্ঞ টিম দ্বারা ল্যাব টেস্ট ও গুণগত মান নিশ্চিত করার পরেই কেবল ওষুধ গ্রহণ করা হয়। কোনো অসাধু উপায়ে বা একক সিদ্ধান্তে মানহীন ওষুধ কেনার সুযোগ নেই। ডিএসসিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, মশক নিধন ওষুধ সরবরাহে যুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা হাতেগোনা কয়েকটি। টেন্ডারে কাজ না পেয়ে অন্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে রেষারেষি বা বদনাম ছড়ানো নতুন কিছু নয়। কর্মকর্তারা নিশ্চিত করেন যে, সমস্ত নিয়মকানুন ও নীতিমালা মেনেই সঠিক প্রক্রিয়ায় ওষুধ ক্রয় করা হয়েছে। তাদের মতে, মশক নিধনের ওষুধের গুণগত মান যাচাইয়ের দায়িত্ব সংশ্লিষ্ট সরকারি পরীক্ষাগার ও বিশেষজ্ঞদের। নির্ধারিত পরীক্ষা-নিরীক্ষা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পরই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সরবরাহ করা ওষুধ গ্রহণ করেছে বলে দাবি করেন তারা।
