কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক বিরোধের জেরে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে মো. ওমর (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত পিতা ফেরদৌস (৩২) পলাতক রয়েছেন। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে কুতুপালং শরণার্থী রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত ওমর ওই ব্লকের শাবনূরের ছেলে। ফেরদৌস তার সৎ পিতা। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে শাবনূর ও ফেরদৌসের মধ্যে কথাকাটাকাটি হয়।
একপর্যায়ে ফেরদৌস শিশুটিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ ওঠে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ওমরকে বিডিআরসি হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। ১৪ এপিবিএন’র অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফেরদৌস স্থানীয় বাসিন্দা। তবে তিনি এক রোহিঙ্গা নারীকে বিয়ে করেছেন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। তাকে আটকের অভিযান চলছে।
