সিলেটে সিসিক প্রশাসক

হৃদরোগের চিকিৎসায় দেশ এখন অনেক এগিয়েছে

ফন্ট সাইজ:

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সাধারণ চিকিৎসার পাশাপাশি হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশ এখন অনেক এগিয়েছে। দেশে বর্তমানে উন্নতমানের চিকিৎসাসেবা পাওয়া যাচ্ছে। তবে হৃদরোগীদের জন্য চিকিৎসাসেবা আরও সহজলভ্য করা প্রয়োজন। মঙ্গলবার সকালে ‘বিশ্ব হার্ট দিবস’ উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট আয়োজিত আলোচনা সভা ও গণমুখী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিসিক প্রশাসক বলেন, অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাবার গ্রহণ, শারীরিক পরিশ্রমের অভাব ও মানসিক চাপের কারণে হৃদরোগের ঝুঁকি দিন দিন বাড়ছে।

হৃদরোগ থেকে সুরক্ষিত থাকতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও সচেতন জীবনযাপন জরুরি। এর আগে হৃদরোগ বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সভাপতি অধ্যাপক ডা. মো. আমিনুর রহমান লস্কর। যুগ্ম সম্পাদক আবু তালেব মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে হৃদযন্ত্রের ক্রিয়া বা শ্বাস-প্রশ্বাস হঠাৎ বন্ধ হয়ে গেলে জীবন রক্ষায় জরুরি চিকিৎসা পদ্ধতি সিপিআর বিষয়ে বক্তব্য দেন সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. ফারজানা তাজিন। বাইপাস সার্জারি (সিএবিজি) বিষয়ে বক্তব্য দেন কার্ডিয়াক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. দেওয়ান ইফতেখার রাজা চৌধুরী।

তিনি জানান, ২০১৯ সাল থেকে এ পর্যন্ত ২৪৯ জন হৃদরোগীর বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মো. আমিনুর রহমান লস্কর বলেন, একসময় হৃদরোগকে সাধারণত বয়স্ক মানুষের রোগ হিসেবে মনে করা হলেও বর্তমানে বিভিন্ন বয়সী মানুষই এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। বক্তব্য রাখেন- ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের সহসভাপতি অধ্যাপক ডা. মো. আলতাফুর রহমান, সাধারণ সম্পাদক প্রকৌশলী শোয়েব আহমেদ মতিন, কার্যকরী কমিটির সদস্য ডা. মোস্তফা শাহজামান চৌধুরী, সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী এবং লিভার ফাউন্ডেশন সিলেটের প্রধান নির্বাহী কর্মকর্তা শওকতুর রহমান। ধন্যবাদ জ্ঞাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটের পাবলিসিটি সেক্রেটারি অধ্যাপক ডা. মো. আব্দুস সালাম।