গাজীপুরে অপহরণ মামলায় গ্রেপ্তার ৩, আইফোন উদ্ধার

ফন্ট সাইজ:

গাজীপুরের শ্রীপুরে অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় অপহৃত যুবকের কাছ থেকে ছিনিয়ে নেয়া একটি আইফোন-১২ প্রো ম্যাক্স উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেনÑ ময়মনসিংহের গফরগাঁওয়ের মো. মামুন মিয়া (৩২), গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার মো. ফাহিম (২৬) এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের মো. বেলায়েত হোসেন (২৫)।
পুলিশ জানায়, গত ৫ই সেপ্টেম্বর শ্রীপুরের মাওনা এলাকা থেকে মো. শুভ মিয়া (১৯) নিখোঁজ হন। এ ঘটনায় ৬ই সেপ্টেম্বর শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করেন তার ভগ্নিপতি মো. ইসলাম উদ্দিন। পরে অপহরণকারীরা মোবাইল ফোনে বিভিন্ন সময় শুভর পরিবারের কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে বলে অভিযোগ করা হয়।

৯ই সেপ্টেম্বর গাজীপুর জেলা গোয়েন্দা শাখার একটি দল ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার পল্লী বিদ্যুৎ মোড় এলাকা থেকে শুভকে উদ্ধার করে। পরে তার ভগ্নিপতির অভিযোগের ভিত্তিতে ১১ই সেপ্টেম্বর শ্রীপুর থানায় অপহরণ, মুক্তিপণ দাবি ও মারধরসহ বিভিন্ন ধারায় মামলা করা হয়।
মামলাটির তদন্তভার পায় গাজীপুর জেলা গোয়েন্দা শাখা। পুলিশের দাবি, ভুক্তভোগীকে জিজ্ঞাসাবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে ঢাকা ও গাজীপুর মহানগর এবং গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শুভর কাছ থেকে ছিনিয়ে নেয়া প্রায় ৬৫ হাজার টাকা মূল্যের আইফোন-১২ প্রো ম্যাক্স উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত চলছে।