চট্টগ্রামে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রায়হানের ৩ সহযোগী গ্রেপ্তার

ফন্ট সাইজ:

চট্টগ্রামের রাউজানে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্র ও কার্তুজসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও রাউজান থানা পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মীর বাগিচা মুনিরিয়া যুব তাবলীগ নির্মাণাধীন মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত রায়হানের সহযোগী।
গ্রেপ্তারকৃতরা হলোÑ রাউজানের শাওয়াল খলিফার বাড়ির বদিউল আলমের ছেলে মো. শাহাদাত হোসেন সাজ্জাদ (৩০), পূর্ব রাউজানের মো. মুসার ছেলে মো. জাফর (৩৮) এবং একই এলাকার মো. সেলিম উদ্দিনের ছেলে মো. সাফায়েত হোসেন সিফাত (১৯)।

পুলিশ জানায়, রাতে রাউজান থানার একটি টহল দল বিশেষ দায়িত্ব পালনকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, কয়েকজন ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে কদলপুরের মীর বাগিচা এলাকায় জড়ো হয়েছে। খবরটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে রাউজান থানা ও জেলা গোয়েন্দা পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান চালায়। অভিযানে তিনজনকে আটক করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুটি সিসা কার্তুজ, একটি রামদা ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাদাত হোসেন সাজ্জাদ ও মো. জাফরের সঙ্গে রায়হানের ঘনিষ্ঠ যোগাযোগের তথ্য পাওয়া গেছে। তারা রায়হানের নির্দেশনায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে পুলিশ দাবি করেছে। এ ছাড়া বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায়, অবৈধভাবে বালু উত্তোলন এবং ওই কর্মকাণ্ড থেকে পাওয়া অর্থ রায়হানের কাছে পৌঁছে দেয়ার সঙ্গেও তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ আরও জানায়, এলাকায় রায়হানের প্রভাব বিস্তার এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনায়ও গ্রেপ্তার ব্যক্তিরা সহযোগিতা করতেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।