কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী আনজুমানপাড়া এলাকা দিয়ে ইয়াবা পাচারের সময় ১ লাখ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে ৬৪ বিজিবি। গতকাল দিবাগত রাত ১টার দিকে পালংখালী বিওপি’র বিশেষ টহল দল আনজুমানপাড়ার ফাইস্যাখাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলোÑ উখিয়ার নলবনিয়া বুছারগুনা এলাকার নুরুল আলমের ছেলে ভুট্টো (৩৮) ও আব্দুল করিমের ছেলে আমির হামজা (২৬)। ৬৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টহল দল ফাইস্যাখাল এলাকায় অবস্থান করছিল। এ সময় মিয়ানমারের দিক থেকে দু’জনকে পোঁটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে তাদের চ্যালেঞ্জ করা হয়। তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
পরে তাদের বহন করা পোঁটলা তল্লাশি করে খাকি রংয়ের প্যাকেটে মোড়ানো নীল রংয়ের ১০ কার্টনে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে বিজিবিকে জানিয়েছে। বিজিবি অধিনায়ক বলেন, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
