জিয়া মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও সালাহউদ্দিন কাদেরের কবর জিয়ারত

ফন্ট সাইজ:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সহযোগী সংগঠন জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়িতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা ও নাজিরহাট পৌরসভা জিয়া মঞ্চের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মঙ্গলবার কর্মসূচির শুরুতে রাঙ্গুনিয়ার জিয়ানগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা। পরে রাউজানের গহিরাস্থ পারিবারিক কবরস্থানে সালাহউদ্দিন কাদের চৌধুরীর কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় জিয়া মঞ্চের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

পরে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে জিয়া মঞ্চ জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক দর্শনে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা রেখে আসছে। সালাহউদ্দিন কাদের চৌধুরীর রাজনৈতিক কর্মকাণ্ড ও ত্যাগও নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগাবে বলে তারা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও প্রয়াত বেগম খালেদা জিয়ার রাজনৈতিক স্বপ্ন বাস্তবায়ন এবং তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে মাঠপর্যায়ে কাজ করতে হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আবদুল কাদের, চট্টগ্রাম উত্তর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ও ফটিকছড়ি উপজেলা আহ্বায়ক অহিদুল আলম, উত্তর জেলার সহ-সাংগঠনিক সম্পাদক ও উপজেলা সদস্য সচিব মঈনুল ইসলাম রুবেল, উত্তর জেলার সহ-সাধারণ সম্পাদক ও নাজিরহাট পৌরসভা আহ্বায়ক মোহাম্মদ ইয়াকুব, উপজেলা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ আনিস ও সিয়াকত। এ ছাড়া উপজেলা বিএনপি’র সদস্য ও জিয়া মঞ্চ রোসাংগিরী ইউনিয়ন আহ্বায়ক মোহাম্মদ আক্কাস, ইউনিয়ন সদস্য সচিব মোহাম্মদ রফিক, নাজিরহাট পৌরসভার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাবেদ ও নাজিম উদ্দীনসহ জিয়া মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।