মৌলভীবাজারের রাজনগরে পৃথক ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতদের একজন প্রাইভেটকারের চাপায় সুধাময় দেব (৫৫) নামে সিএনজি চালক ও মাছ ধরতে গিয়ে উদনাছড়ায় আব্দুল কাইয়ুম (২২) নামে অপরজন পানিতে ডুবে নিহত হয়েছেন। সড়ক দুর্ঘটনায় সিএনজিতে থাকা অপর দুই যাত্রী আহত হয়েছেন। আহতদের মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের চাটুরা নামক এলাকায় ও অপরটি সদর ইউনিয়নের উদনাছড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে একটি সিএনজি ও একটি প্রাইভেটকার মৌলভীবাজার-কুলাউড়া সড়কের চাটুরা নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালক ও এর দুজন আরোহী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে সিএনজিচালক রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ভূমিউড়া গ্রামের সুধু দেব (৫৫)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার জন্য এম্বুলেন্সে তোলার পরপরই তিনি মারা যান।
এদিকে, রাজনগর সদর ইউনিয়নের দাসটিলা গ্রামের আনছার আলীর ছেলে কাইয়ুম মিয়া (২২) মাছ ধরার জন্য দুই সহপাঠীসহ বাড়ির পাশে উদনাছড়ায় যায়। দুপুর দেড়টার দিকে জাল দিয়ে মাছ ধরার সময় পানির নিচে তলিয়ে যায়। পরে তার সঙ্গে থাকা অপর দুজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে পানির নিচ থেকে উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
