মুক্তিপণ চেয়ে ৩ লাখ টাকা দাবি, উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার

ফন্ট সাইজ:

কক্সবাজারের উখিয়ায় অপহরণের ৪ দিন পর মো. জসিম (১৫) নামে এক কিশোরকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ ঘটনায় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জামাল হোসেন (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উখিয়ার হাজংপাড়া রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে জসিমকে উদ্ধার করা হয়। এসআরবি-১৫ সূত্র জানায়, গত ২৫শে সেপ্টেম্বর রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে দক্ষিণ লেঙ্গুর বিল এলাকায় গিয়ে নিখোঁজ হয় জসিম। দুইদিন পর ২৭শে সেপ্টেম্বর অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে তার বাবা সৈয়দ আহম্মদের ইমোতে ফোন করে ছেলের মুক্তিপণ হিসেবে ৩ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে তাকে হত্যার হুমকিও দেয়া হয় বলে অভিযোগ পরিবারের।

এ ঘটনায় ২৮শে সেপ্টেম্বর টেকনাফ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পরে গোপন সংবাদে মঙ্গলবার ভোরে এসআরবি-১৫-এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি দল হাজংপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় জসিমকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জামাল হোসেন টেকনাফ থানার হাতিয়ার ঘোনা এলাকার বশির আহমদের ছেলে। অভিযানে তার কাছ থেকে অপহরণে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এসআরবি-১৫ জানিয়েছে, গ্রেপ্তার জামাল ও উদ্ধার জসিমকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।