শিবগঞ্জে বিপুল পরিমাণ হেরোইনসহ গ্রেপ্তার ১

ফন্ট সাইজ:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিপুল পরিমাণ হেরোইনসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার হঠাৎপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তার মেহেদী হাসান (৩৫) উপজেলার হঠাৎপাড়ার মৃত মফিজ উদ্দিনের ছেলে। মঙ্গলবার দুপুরে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদে ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের ওমরপুর হঠাৎপাড়া এলাকায় মেহেদীর বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার সহযোগী মো. আল-মামুন পালিয়ে যায়। পরে মেহেদীর দেয়া তথ্যে ঘরের ভেতর থেকে এসব হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেছে সংস্থাটি। এ ঘটনায় গ্রেপ্তার মেহেদী ও পলাতক আল-মামুনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।