বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আবাসন সংকট নিরসন এবং অনাবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বেরোবি শাখা। মঙ্গলবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে সংগঠনটির নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও সচেতন ব্যক্তিরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত আবাসিক সুবিধা না থাকায় অধিকাংশ শিক্ষার্থীকে ক্যাম্পাসের বাইরে মেস ও ভাড়া বাসায় থাকতে হচ্ছে। এতে তাদের অতিরিক্ত আবাসন ও যাতায়াত ব্যয় বহন করতে হচ্ছে। পাশাপাশি অনাবাসিক শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতা, প্রশাসনিক ও সামাজিক হয়রানিসহ নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন।
পরে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বেরোবি শাখার আহ্বায়ক শাহরিয়ার সোহাগের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাঁচ দফা দাবি সংবলিত স্মারকলিপি দেয়। দাবিগুলোর মধ্যে রয়েছে নির্মাণাধীন ‘খালেদা জিয়া হল’ দ্রুত সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে চালু করা, আবাসন সংকট সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার রোডম্যাপ প্রকাশ, স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত অনাবাসিক শিক্ষার্থীদের জন্য আবাসন সহায়তা বা ভর্তুকি চালু, অনাবাসিক শিক্ষার্থীদের অভিযোগ গ্রহণ ও প্রতিকারের জন্য নিরাপত্তা সেল গঠন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষার্থী ও মেস মালিকদের সমন্বয়ে কাঠামো গঠন ও সমঝোতা স্মারক স্বাক্ষর। স্মারকলিপিতে দাবিগুলো বাস্তবায়নে আগামী সাত কার্যদিবসের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নেয়ার আহ্বান জানানো হয়। এ সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ না নিলে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
