ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার নানার বাড়িতে বেড়াতে এসে ১১ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার বিকালে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এর আগে ধর্ষণের ঘটনায় সোমবার রাতে শিশুটির নানা বাদী হয়ে পাগলা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নির্যাতিত শিশুটির বাড়ি পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার হাতিরা গ্রামে। সম্প্রতি শিশুটি নানার বাড়িতে বেড়াতে আসে। গত শনিবার বিকালে নানা বাড়ির পেছনে পাতা কুড়াতে যায়।
এ সময় একই গ্রামের রফিকের ছেলে সাব্বির (১৭) শিশুটিকে ফুসলিয়ে বাড়ির পাশের একটি পরিত্যক্ত জয়গায় নিয়ে ধর্ষণ করে। এই সময় শিশুটির চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে সাব্বির কৌশলে পালিয়ে যায়। পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আমিনুল ইসলাম বলেন, এই ঘটনা ভুক্তভোগীর নানা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ফরেনসিক পরীক্ষা ও চিকিৎসার জন্য শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
