মানিকগঞ্জের শিবালয়ে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে কাভার্ডভ্যানের চালক শাহ আলম নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের হেলপার আহত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৪টার দিকে ঢাকা-আরিচা আঞ্চলিক মহাসড়কের টেপরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বরংগাইল হাইওয়ে থানা পুলিশ জানায়, পাটুরিয়া থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস পরিবহনের বাসটি এবং ঢাকা থেকে পাটুরিয়াগামী কাভার্ডভ্যানটি টেপরা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানের চালক শাহ আলম ঘটনাস্থলেই নিহত হন। আহত হন বাসের হেলপার।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, দুটি গাড়ি ক্রসিংয়ের সময় দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। বরংগাইল হাইওয়ে থানার ওসি জানান, দুর্ঘটনার পর বাস ও কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বাসচালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
