নবীগঞ্জে পুলিশের মামলায় কাউন্সলির জাকির গ্রেপ্তার

ফন্ট সাইজ:

হবিগঞ্জের নবীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী-যুবলীগের একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশের দায়েরকৃত মামলায় উপজেলা যুবলীগের আহ্বায়ক জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে গোপন সংবাদে ওসি মো. আবুল হোসেনের নির্দেশনায় অভিযান চালিয়ে তাকে গন্ধা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আটক জাকির পৌর এলাকার ১নং ওয়ার্ড কান্সিলর। গ্রেপ্তারের পর তাকে হবিগঞ্জ আদালতের মাধ্যমে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৮ই সেপ্টেম্বর রাতে পৌর শহরের শেষ প্রান্ত কলেজ রোডের তারানগাঁও এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী-যুবলীগের কয়েক মিনিটের বিক্ষোভকে কেন্দ্র সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের হয়। থানার এসআই দুলাল মিয়া বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করেন।

পৃথক অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বিক্ষোভ মিছিলও সমাবেশ করে উপজেলা বিএনপি। মামলায় ৩০ জনের নাম উল্লেখ করা হলেও অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। গত ১৮ই সেপ্টেম্বর সন্ত্রাস বিরোধী আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়। নবীগঞ্জ থানার ওসি আবুল হোসেন বলেন, শান্তিশৃংখলা রক্ষায় দৃঢ় অবস্থানে রয়েছে পুলিশ। অভিযান চলছে। সবকিছুই পুলিশের নজরদারিতে রয়েছে।