কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য নির্ধারিত সরকারি প্রণোদনা ও ভর্তুকির ইউরিয়া সার পাচারের সময় ১১১ বস্তা সার উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া সার পরিবহনের দু’টি ট্রলি জব্দসহ ট্রলিচালক শাহিন মিয়া ও জহির মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় সার ডিলার মুস্তাফিজুল ইসলাম রতন, আটক হওয়া শাহিন মিয়া ও জহির মিয়া এবং লিটন এই চারজনের বিরুদ্ধে মিঠামইন থানায় বিশেষ ক্ষমতা ও চোরাচালান প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদে গত সোমবার দুপুরে মিঠামইন উপজেলার কাটখাল পুলিশ ফাঁড়ির একটি দল কাটখাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে দু’টি ট্রলি গাড়িতে করে অবৈধভাবে সার স্থানান্তরের সময় চালক শাহিন ও জহিরকে আটক করে পুলিশ। এ সময় ট্রলি দু’টিতে তল্লাশি চালিয়ে ১১১ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।
মিঠামইন থানার ওসি মোহাম্মদ মনোয়ার জানান, এ ঘটনায় আটক হওয়া দুইজন ছাড়াও সার ডিলার মুস্তাফিজুল ইসলাম রতনসহ ৪ জনকে আসামি করে মিঠামইন থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া জব্দ করা সার ও ট্রলি গাড়ি থানা হেফাজতে রয়েছে।
