সিরাজগঞ্জের সলঙ্গায় গাড়িচাপা দিয়ে দু’জনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সম্পর্কে বাবা-ছেলে। সোমবার দিনগত রাতে তাড়াশ উপজেলার হেমনগর গাটাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো- তাড়াশ উপজেলার হেমনগর কাটাবাড়ী গ্রামের আব্দুল ওহাব আলী ও তার ছেলে জাকির হোসেন। মঙ্গলবার বিকেলে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ২০২৫ সালের ২৪শে মার্চ তাড়াশ থেকে রোকনুজ্জামান ও নাসির উদ্দীন মোটরসাইকেলযোগে সিরাজগঞ্জ আদালতে যাচ্ছিলেন। এ সময় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার হরিণচরা এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। পরে নিহতের পরিবার আদালতে পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় নিজ বাড়ি থেকে বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়। গতকাল দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
