জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যাবজ্জীবন

ফন্ট সাইজ:

জয়পুরহাটের পাঁচবিবিতে ১৩ বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় হামিদুল শেখ (৫৫) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে জয়পুরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আব্দুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত হামিদুল পাঁচবিবি উপজেলার শন্তাদিগর গ্রামের মৃত সামছুদ্দিন শেখের ছেলে। মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২০২৫ সালের ২৭শে মার্চ দুপুরে শন্তাদিগর গ্রামের ওই ছাত্রী নিজ বাড়ির আঙিনায় ঝাড়ু দিচ্ছিল। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী চাচা হামিদুল জোরপূর্বক মুখে ওড়না চাপা দিয়ে তাকে ধর্ষণ করে। পরবর্তীতে ভয়ভীতি দেখিয়ে হামিদুল তাকে একাধিকবার ধর্ষণ করে।

ঘটনার প্রায় ৫ মাস পর ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে এবং সে গর্ভবতী হয়ে পড়লে পরিবার ঘটনাটি জানতে পারে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ২০২৫ সালের ১৯শে আগস্ট পাঁচবিবি থানায় একটি মামলা দায়ের করেন। মামলা তদন্তের পর একই বছরের ৩০শে সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা আবদুল্লাহ আল মাসুম। বিচার প্রক্রিয়ায় উপযুক্ত সাক্ষী ও প্রমাণাদি উপস্থাপন শেষে আদালত এই রায় প্রদান করেন। এ ছাড়া ধর্ষিতার শিশুসন্তানের ভরণপোষণের দায়িত্ব নিয়েছে রাষ্ট্র।