রংপুরে সাবেক শিক্ষা পরিচালকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেলো দুদক

ফন্ট সাইজ:

রংপুরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অফিসের সাবেক পরিচালক মীর আমীর আলীর বিরুদ্ধে নানা অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। মঙ্গলবার দুপুরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অফিসারের কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক একেএম নুরে আলম সিদ্দিকীর নেতৃত্বে এক অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন দুর্নীতির লিখিত প্রমাণসহ নানা তথ্য সংগ্রহ করে দুদক। দুর্নীতির এসব প্রমাণগুলোর সমন্বয়ে প্রতিবেদন তৈরি করে পরবর্তীতে ঢাকায় পাঠানো হবে বলে জানানো হয়। দুদকের সহকারী পরিচালক একেএম নুরে আলম সিদ্দিকী বলেন, রংপুর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অফিসের সাবেক পরিচালক মীর আমীর আলীর বিরুদ্ধে সৈয়দপুর মহাবিদ্যালয় ও মীরগঞ্জ হাট কলেজের দুই শিক্ষকের এমপিও অর্থের বিনিময়ে দেয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

এ ছাড়াও তার বিরুদ্ধে আরও অনেক অভিযোগের তথ্য রয়েছে। তিনি আরও বলেন, সাবেক পরিচালক মীর আমীর আলীর বিরুদ্ধে পাওয়া দুর্নীতির সকল তথ্য-প্রমাণ প্রতিবেদন আকারে প্রস্তুত করে ঢাকায় পাঠানো হবে এবং তার বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হবে তার সিদ্ধান্ত সেখান থেকেই আসবে।