জরাজীর্ণ মুক্তিযোদ্ধা সংসদ ভবন, ব্যাহত কার্যক্রম

জরাজীর্ণ মুক্তিযোদ্ধা সংসদ ভবন, ব্যাহত কার্যক্রম

ফন্ট সাইজ:

মানিকগঞ্জের শিবালয় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের জরাজীর্ণ ভবনে ব্যাহত হচ্ছে সাংগঠনিক কার্যক্রম। চার বছর আগে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও এখনো নতুন ভবন নির্মাণে কার্যকর উদ্যোগ নেয়া হয়নি। ফলে ঝুঁকিপূর্ণ ভবনেই প্রয়োজনীয় কার্যক্রম চালাতে হচ্ছে মুক্তিযোদ্ধাদের।
মুক্তিযোদ্ধারা জানান, কার্যালয়ের টিনের চালের বিভিন্ন অংশ মরিচা ধরে ছিদ্র হয়ে গেছে। দেয়ালের প্লাস্টার খসে পড়ছে। সামান্য বৃষ্টিতেই পানি ঢুকে গুরুত্বপূর্ণ কাগজপত্র নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়। ভবনের উপরের কাঠও নড়বড়ে হয়ে পড়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দ জালালউদ্দিন বলেন, ভবনের অবস্থা অত্যন্ত নাজুক।

চার বছর আগে ব্যক্তিগত অর্থায়নে কয়েকটি খুঁটি লাগানো হলেও বর্তমানে ভবনটি ব্যবহারের অনুপযোগী। তিনি দ্রুত একইস্থানে নতুন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের দাবি জানান। জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আ. মান্নান বলেন, জায়গাটি নিয়ে আইনি জটিলতা থাকায় নতুন ভবন নির্মাণে বিলম্ব হচ্ছে। জটিলতা নিরসনের পর নির্মাণের উদ্যোগ নেয়া হবে। শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রানী কর্মকার বলেন, জমির জটিলতা মিটিয়ে জায়গা নির্ধারণ করা হলে নতুন ভবন নির্মাণ সম্ভব। সংসদ সদস্য এসএ জিন্নাহ কবীরও বিষয়টি নিয়ে যোগাযোগ বা আবেদন পেলে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।