নারী হকির প্রসার ঘটাতে বান্দরবানে অনুষ্ঠিত হলো ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর প্রথম পর্ব। তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তুলে আনাই এই কর্মসূচির মূল লক্ষ্য। স্থানীয় একটি স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় কর্মসূচির সমাপনী পর্ব। বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে এই কর্মসূচিতে পৃষ্ঠপোষকতা করছে ব্র্যাক ব্যাংক পিএলসি।
তৃণমূল থেকে হকি প্রতিভা খুঁজে বের করার এই কর্মসূচির প্রথম ধাপে পার্বত্য তিন জেলা বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়িসহ মোট আটটি জেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বান্দরবানের প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নেয়া তরুণী খেলোয়াড়দের দেয়া হয় হকির মৌলিক বিষয়, মাঠের নিয়মকানুন ও কৌশলগত দক্ষতার ওপর নিবিড় প্রশিক্ষণ। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের উইমেন্স উইংয়ের চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন রেফাতুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্র্যাক ব্যাংক বান্দরবান শাখার রিলেশনশিপ অফিসার ও এসএমই ইউনিট ইনচার্জ অনুপ মহাজনসহ স্থানীয় বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বরা। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হকি ফেডারেশনের উইমেন্স উইংয়ের সম্পাদক তারিকুজ্জামান নান্নুও। বক্তারা তৃণমূল পর্যায়ে নারী হকির প্রসারে এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাদের প্রত্যাশা, পাহাড়ি অঞ্চলের প্রতিভাবান মেয়েরা ভবিষ্যতে জাতীয় নারী হকি দলকে আরও শক্তিশালী করার পথে বড় ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণপ্রাপ্ত খেলোয়াড়দের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিরা।
