স্কুল ফুটবলে ফিফার নতুন উদ্যোগ, যুক্ত হচ্ছে বাংলাদেশও

স্কুল ফুটবলে ফিফার নতুন উদ্যোগ, যুক্ত হচ্ছে বাংলাদেশও

ফন্ট সাইজ:

তৃণমূল পর্যায়ে ফুটবলের প্রসার আর ক্রীড়াকে সামাজিক পরিবর্তনের লক্ষ্যে মাধ্যম হিসেবে গড়ে তুলতে বাংলাদেশেও শুরু হতে যাচ্ছে ফিফার বিশেষ আন্তর্জাতিক কর্মসূচি ‘ফুটবল ফর স্কুলস’। এ নিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সঙ্গে বৈঠক করেছেন ফিফার ডিরেক্টর ফ্রাঙ্ক লুইস বার্টোলোমেজ কাস্তিলো।



২০১৯ সালে ইউনেস্কোর সঙ্গে যৌথভাবে শুরু হওয়া ফিফার এই বৃহৎ প্রকল্পের লক্ষ্য বিশ্ব জুড়ে প্রায় ৭০ কোটি শিশুর ক্ষমতায়ন, বিকাশ ও শিক্ষায় ভূমিকা রাখা। ইতিমধ্যে বিশ্বের শতাধিক দেশে চালু হয়েছে এই কর্মসূচি, যার মধ্যে আছে প্রতিবেশী ভুটান ও ওমানের মতো দেশও। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে বাংলাদেশও। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে তৃণমূল ফুটবলের সার্বিক উন্নয়ন ও কর্মসূচির বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, আসন্ন ফিফা নারী বিশ্বকাপের মূল ভাবধারা ও বাংলাদেশ সরকারের অগ্রাধিকার বিবেচনায় প্রথম ধাপে অন্তর্ভুক্ত করা হবে দু’টি গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়— ‘নারী ও কন্যাসন্তানের প্রতি সহিংসতা প্রতিরোধ’ এবং ‘শিশু সুরক্ষা’। পরবর্তী ধাপে যুক্ত হতে পারে স্বাস্থ্য সুরক্ষা, স্যানিটেশন ও দুর্যোগ মোকাবিলার মতো বিষয়ও।



বিদ্যালয়গুলোতে শারীরিক শিক্ষার শিক্ষকদের পাশাপাশি সাধারণ শিক্ষকরাও যেন সহজে ফুটবল সেশন পরিচালনা করতে পারেন, সেজন্য দেয়া হবে বিশেষায়িত ও সহজবোধ্য কারিকুলাম। অংশগ্রহণকারী শিক্ষকদের ভবিষ্যতে গ্রাসরুটস কোচিং কোর্স সম্পন্ন করারও সুযোগ থাকবে। এর পাশাপাশি নিয়মিত স্কুল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে দেশ জুড়ে সুপ্ত ফুটবল প্রতিভা খুঁজে বের করার পরিকল্পনাও রয়েছে। প্রকল্পটির পূর্ণাঙ্গ স্থানীয় মালিকানা থাকবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের হাতে। কর্মসূচি পরিচালনার জন্য বাফুফে নিয়োগ দেবে একজন স্থানীয় প্রজেক্ট ম্যানেজার, যাকে সরাসরি কারিগরি প্রশিক্ষণ ও নির্দেশনা দেবে ফিফা। পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশ থেকে দু’জন অভিজ্ঞ শিক্ষককে গড়ে তোলা হবে ‘মাস্টার ইনস্ট্রাক্টর’ হিসেবে। আগামী জানুয়ারি থেকে শিক্ষকদের প্রশিক্ষণের মধ্যদিয়ে শুরু হবে কর্মসূচির পাইলট ফেজ। তিন থেকে চার মাসের প্রাথমিক পর্যালোচনার পর সফলতার ভিত্তিতে ধাপে ধাপে দেশের সব বিদ্যালয়ে সম্প্রসারিত করা হবে এটি।

​