১০ গোল খেয়ে গ্রুপ পর্ব শেষ বাংলাদেশের

এশিয়ান গেমস হকি

১০ গোল খেয়ে গ্রুপ পর্ব শেষ বাংলাদেশের

ফন্ট সাইজ:

এশিয়ান গেমস হকিতে দক্ষিণ কোরিয়া ও জাপানের কাছে হেরে সেমিফাইনালের স্বপ্ন ভাঙ্গে বাংলাদেশের। টানা দুই হারের ধাক্কা কাটিয়ে শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়াকে হারিয়ে ফর্মে ফেরার বার্তা দেন আমিরুল—রোমানরা। তবে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে লড়াই করতে পারেনি লাল-সবুজ প্রতিনিধিরা।  বাংলাদেশকে ১০-০ গোলে হারিয়ে গ্রুপ পর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে পা রাখে ভারত। ১লা অক্টোবর ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ পুল ‘বি’ এর রানার্সআপ পাকিস্তান।
গিফু প্রিফেকচুয়াল গ্রিন স্টেডিয়ামে তৃতীয় মিনিটে গোল হজম করে বাংলাদেশ। ফিল্ড গোল করে ভারতকে লিড এনে দেন অভিষেক। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় লাল-সবুজ প্রতিনিধিরা। দ্বিতীয় কোয়ার্টারে আরো দুই গোল হজম করে বাংলাদেশ। ২২ মিনিটে পেনাল্টি থেকে গেলা করেন যুগরাজ সিং। ওই গোলের পাঁচ মিনিট পর পেনাল্টি কর্ণার থেকে ব্যবধান ৩-০ করেন হারমানপ্রীত সিং। তৃতীয় কোয়ার্টারে পাঁচ গোল হজম করে বাংলাদেশ। এ কোয়ার্টারে হ্যাটট্রিক পূর্ণ করেন হারমানপ্রীত সিং। আর শেষ কোয়ার্টারে আরো ২ গোল হজম করে বড় হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। গ্রুপ পর্বে ২৩ গোল হজমের বিপরীতে প্রতিপক্ষের জালে ৯ গোল করেন রোমান-আমিরুলরা। পাঁচ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে নিজেদের পুলে চতুর্থ স্থানে বাংলাদেশ। এর আগে তারা জাপান ও দক্ষিণ কোরিয়ার কাছে যথাক্রমে ৬-১ ও ৫-০ গোলে হারে এবং ইন্দোনেশিয়াকে ৩-১ ও শ্রীলঙ্কাকে ৬-১ গোলে হারায়। পুল ‘বি’ তে পাঁচ ম্যাচে নয় পয়েন্ট নিয়ে তৃতীয় হওয়া চীনের বিপক্ষে ১লা অক্টোবর পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে লড়বে বাংলাদেশ।
​