‘প্যাক’ নামে পরিচিত জনপ্রিয় বৃটিশ রেসলার বেঞ্জামিন স্যাটারলি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তার প্রতিনিধিরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বিবিসির।
অল এলিট রেসলিং (এইডব্লিউ) এক বিবৃতিতে স্যাটারলির মৃত্যুতে শোক জানিয়ে বলেছে, তার চলে যাওয়ার খবর জানাতে তারা ‘গভীরভাবে মর্মাহত’। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০১৯ সালে স্যাটারলি তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন।
চাঞ্চল্যকর বিষয় হলো, মৃত্যুর মাত্র এক দিন আগেই শনিবার সন্ধ্যায় শিকাগোর একটি অ্যারেনায় অনুষ্ঠিত এইডব্লিউ-এর ‘অল আউট’ ইভেন্টে অংশ নেন তিনি।
ইংল্যান্ডের নিউক্যাসল আপন টাইন শহরের বাসিন্দা স্যাটারলি ২০০৪ সালে রেসলিং ক্যারিয়ার শুরু করেন। এরপর বিশ্বের বিভিন্ন রেসলিং প্রতিষ্ঠানে পারফর্ম করেছেন। দুর্দান্ত হাই-ফ্লাইং মুভ এবং রিংয়ে অসাধারণ দক্ষতার মাধ্যমে তিনি দর্শকদের মুগ্ধ করেছিলেন বলে জানিয়েছে এইডব্লিউ।
তবে তার মৃত্যুর কারণ এখনো জানানো হয়নি।
এইডব্লিউ’তে একাধিক চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন স্যাটারলি। প্রতিষ্ঠানটি বলেছে, এইডব্লিউ’র ইতিহাসের ‘সবচেয়ে স্মরণীয় কিছু ম্যাচে’ তিনি অংশ নিয়েছিলেন।
এইডব্লিউ’তে যোগ দেয়ার আগে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডব্লিউডব্লিউই), নিউ জাপান প্রো-রেসলিং (এনজেপিডব্লিউ) এবং মেক্সিকোর কনসেজো মুন্দিয়াল দে লুচা লিব্রে (সিএমএলএল)-এও রেসলিং করেছেন তিনি।
ক্যারিয়ারে বিভিন্ন সময়ে প্যাক, অ্যাড্রিয়ান নেভিল এবং ‘দ্য ম্যান দ্যাট গ্র্যাভিটি ফরগট’ নামে পরিচিত ছিলেন তিনি। শেষের উপাধিটি পেয়েছিলেন তার একটি বিশেষ ফিনিশিং মুভের কারণে। ওই মুভে রিংয়ের ওপরের দড়ি থেকে ৩৬০ ডিগ্রি ঘুরে প্রতিপক্ষের ওপর আছড়ে পড়তেন তিনি।
স্যাটারলির মৃত্যুতে রেসলিং জগতে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তার আকস্মিক মৃত্যুতে বিস্ময় প্রকাশ করেছেন।
ডব্লিউডব্লিউই হল অব ফেমার পল হেইম্যান এই মৃত্যুকে ‘ভয়াবহ ক্ষতি’ হিসেবে উল্লেখ করে বলেছেন, স্যাটারলি ছিলেন ‘অসাধারণ প্রতিভার অধিকারী এবং আরও অসাধারণ একজন মানুষ’।
