লক্ষ্মীপুরে ৬ থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৪৪

লক্ষ্মীপুরে ৬ থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ২৪৪

ফন্ট সাইজ:

লক্ষ্মীপুর জেলার ছয় থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়েছে জেলা পুলিশ। পাঁচ ঘণ্টার এ অভিযানে ২৪৪ জনকে আটক করা হয়েছে। আটক সবার বয়স ১৪ থেকে ১৮ বছরের মধ্যে। রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সদর, চন্দ্রগঞ্জ, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। জেলা পুলিশ সূত্র এ তথ্য জানিয়েছে।

কিশোর বয়সী বখাটেদের উৎপাত ও অপরাধ প্রবণতা রয়েছে—এমন অভিযোগের ভিত্তিতে বিভিন্ন স্থানকে অভিযানের আতায় নেয়া হয়। সেই অনুযায়ী জেলা পুলিশ, গোয়েন্দা ও থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জেলার প্রত্যেকটি থানা এলাকায় কিশোর গ্যাং সদস্যদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত করার অভিযোগও রয়েছে। প্রায়ই কিশোর গ্যাং সদস্যদের মধ্যে মারামারিসহ নানা অপরাধ কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে জেলার প্রত্যেকটি থানা এলাকায় একযোগে অভিযান শুরু করে পুলিশ। অভিযানের শুরুতে ২৪৪ জনকে আটক করা হয়েছে।

আটকদের মধ্যে লক্ষ্মীপুর সদর থানায় ৪২ জন, চন্দ্রগঞ্জ থানায় ২১ জন, রায়পুর থানায় ৪৪ জন, রামগঞ্জ থানায় ৩৭ জন, রামগতি থানায় ৪৪ জন ও কমলনগর থানায় ৫৬ জন রয়েছেন। আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে নিয়মিতভাবে কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।’

পাশাপাশি আটক কিশোরদের তথ্য-যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।