প্রোটেকশন চাইলেন প্রসিকিউটর

ট্রাইব্যুনালে কামরুল ইসলামের তোপ

প্রোটেকশন চাইলেন প্রসিকিউটর

ফন্ট সাইজ:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাসে আসামির কাঠগড়ায় বসে যখন কামরুল ইসলাম প্রসিকিউটর সুলতান মাহমুদের উদ্দেশে উঁচু স্বরে কথা বলছিলেন, তখন সুলতান মাহমুদ ট্রাইব্যুনালের উদ্দেশে বলেন, ‘মাই লর্ড আমি প্রোটেকশন চাই।’ এ সময় প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, ‘সুলতানা মাহমুদ কোনো ভুল করেননি। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা একটি মামলা ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী নেতা কামরুল ইসলামের বিরুদ্ধে চতুর্থ সাক্ষীর জবানবন্দি নেয়া হচ্ছে।’

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী হিসেবে হানিফ মিয়ার জবানবন্দি গ্রহণ শেষে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করবেন। আজ সকালে কারাগার থেকে মেনন-কামরুলকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। 

এদিন, সাক্ষীর কাঠগড়ায় দাড়িয়ে হানিফ মিয়া জুলাই আন্দোলনে কারফিউ চলাকালে রাজধানীর বাড্ডা-রামপুরায় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিষয়ে সাক্ষী দিচ্ছেন। একপর্যায়ে তিনি বলেন, ‘এসব অপরাধের জন্য ১৪ দলের নেতারা দায়ী। কারণ তিনি টিভিতে এই নেতাদের মিটিং করে আন্দোলনকারীদের দমন-পীড়ন চালানোর সিদ্ধান্ত নেয়ার কথা শুনেছিলেন।’

তখন, প্রসিকিউটর সুলতান মাহমুদ বলেন, ‘আপনি ১৪ দলের নেতাদের কথা বলছেন, তাদের নাম বলেন। তখন আসামিদের জন্য সংরক্ষিত কাচের গ্লাসের ভেতর থেকে সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী নেতা কামরুল ইসলাম প্রসিকিউটরের উদ্দেশে উচ্চ স্বরে বলতে থাকেন, এভাবে বললে তো হবে না। আমার ৪০ বছরের ওকালতির ক্যারিয়ার। আপনি সাক্ষীকে দিয়ে জোর করে নাম বলাচ্ছেন।’

তখন সুলতান মাহমুদ কামরুল ইসলামের উদ্দেশে বলেন, ‘আপনি এভাবে সাউট করেন কেন। আপনার কিছু বলার থাকলে আইনজীবীর মাধ্যমে বলবেন।’  এসময় প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, ‘আমার মনে হয় জবানবন্দি গ্রহণে ভুল করেনি। প্রসিকিউশনের একটাই টার্গেট, একটাই উত্তর চাই। সাক্ষী ১৪ দলের কথা বলায়, তিনি নাম বলতে বলেছেন।’ এ সময় আসামিপক্ষের আইনজীবীদ মুনসুরুল হক বলেন, ‘It is a matter of identification। আপনারা প্রশ্ন করে নাম বলাচ্ছেন।’ তখন মিজানুল ইসলাম বলেন, এটা লিডিং প্রশ্ন না। পরে, সাক্ষী আবার তার জবানবন্দি দিতে থাকেন।

উল্লেখ্য, গত ২৩ জুন আসামিদের বিরুদ্ধে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হয়। ওইদিন রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে বিচারিক কার্যক্রম শুরু করা হয়। এদিকে, সাবেক মন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ইলিয়াস উদ্দিন মোল্লা, মাইনুল ইসলাম নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের মিরপুর এলাকায় সংগঠিত মানবতাবিরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ একটি ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন।

এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ ২১ সেপ্টেম্বর মামলার তালিকায় সালমান এফ রহমানের বিদেশি আইনজীবী নিয়োগের বিষয়ে একটি আবেদনের শুনানির জন্য আজ ২৮ সেপ্টেম্বর দিন ধার্য ছিলো। কিন্তু প্রসিকিউশন থেকে জানানো হয়, চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দেশের বাইরে থাকায় তারা এটি আজকে শুনানি করতে আগ্রহী নয়। পরে ট্রাইব্যুনাল মামলাটি শুনানির জন্য আগামী ২৬ অক্টোবর পুননির্ধারণ করেন।